সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় আটক ৩

- আপডেট সময় : ০৪:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ভাঙচুর ও লুটপাটের পর আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনাতেও হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই হামলা চলে প্রায় এক ঘণ্টা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা সংখ্যায় ছিল অনেক। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা মো. পল্লব আলী অভিযোগ করেন পাঁচটি পিকআপে করে হামলাকারীরা সেখানে আসে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। গুলি করতে করতে তারা হাউজিংয়ের ভেতরে প্রবেশ করে। পল্লব আলীর দাবি প্রথমে প্রবেশমুখের একটি বাড়ির ফ্ল্যাটে ঢুকে লুটপাট করা হয়। সেখান থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় হামলাকারীরা।

এরপর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিউগিনি প্রপার্টিজের অফিসেও হামলা এবং নির্মাণশ্রমিকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্টুডিওতে গিয়ে দেখা যায় চেয়ার টেবিল টেলিভিশন বাদ্যযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। মেঝেতে ছড়িয়ে রয়েছে কাচের টুকরাও।
আরও পড়ুন,
- স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মিরপুরের টিকাকেন্দ্র ধ্বংস নিয়ে হাসনাতের ক্ষোভ
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রাজধানীর ভাষানটেক বস্তির মো. মামুন মজুমদারের মোড়ের আসলাম ও মুন্না। রোববার দুপুরে নিউগিনি হাউজিংয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম বলেন জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জমির দখল বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের সময় হামলার ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করে জানান তাঁর স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ক্লায়েন্টদের ফুটেজ ও শুটিংয়ের বিভিন্ন উপকরণ থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি কাজের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে বলে জানান তিনি। তবে স্টুডিও ক্ষতিগ্রস্ত হলেও কাজ বন্ধ করবেন না বলেও জানিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। ঘটনাটি জমি বিরোধকে কেন্দ্র করে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।


























