কেমোথেরাপি নিলেও অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

- আপডেট সময় : ০৯:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৫৫১ বার পড়া হয়েছে

‘এখন অনেকটা ভালো আছি’, ফেসবুক লাইভে জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরেই শুটিং থেকে দূরে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকের পরামর্শে শুরু হয় তার চিকিৎসা। পরে জানা যায়, তিনি মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছেন। অস্ত্রোপচারের পাশাপাশি বর্তমানে কেমোথেরাপিও নিচ্ছেন এই অভিনেত্রী।
ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়ার মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। এরপর থেকে বিশ্রামের পাশাপাশি নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার ছবি ও বিভিন্ন পোস্ট দেখে তার ভক্তদের মধ্যে শারীরিক অবস্থা নিয়ে কৌতূহল তৈরি হয়। অবশেষে শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অভিনেত্রী।
লাইভে তানিয়া বৃষ্টি বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। এরপর ডাক্তার জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।’
বর্তমানে ঢাকার আশপাশের একটি রিসোর্টে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তানিয়া। চিকিৎসার ব্যস্ততার বাইরে কিছুটা স্বস্তি পেতে গ্রামীণ পরিবেশে পরিবারের সঙ্গে সময় কাটাতেই এই সফর বলে জানান তিনি।
দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকায় স্বাভাবিকভাবেই তার অভিনয়ে ফেরার বিষয়টি নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। ফেসবুক লাইভে সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তানিয়া।
অভিনয়ে ফেরার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকেই শুরু করতে চাই। কথাবার্তা চলছে। প্রায় নয় মাস শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’
অভিনয়ে ফেরার বিষয়ে ভক্তদের মতামতও জানতে চেয়েছেন তানিয়া। দর্শকদের আগ্রহ ও ভালোবাসা থাকলে দ্রুতই শুটিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার পথে হাঁটছেন তানিয়া বৃষ্টি। তার ভক্তদের প্রত্যাশা, চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

























