‘বিদায়’ নিয়েও অনিশ্চয়তা
কবে ফিরবেন অভিনেত্রী দীঘি

- আপডেট সময় : ০৬:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৫৫০ বার পড়া হয়েছে

ঢালিউডের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রেখেই দর্শকের ভালোবাসা ও তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি। ছোটবেলার সেই সাফল্যই তৈরি করেছিল বড় স্বপ্ন। কিন্তু নায়িকা হিসেবে অভিষেকের পর সেই ধারাবাহিক সাফল্য আর ধরে রাখতে পারেননি দীঘি। বরং দীর্ঘ ক্যারিয়ারে বড়পর্দায় তার উপস্থিতি ক্রমেই কমেছে।
বর্তমানে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণামূলক কাজেই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় দিয়ে যার ক্যারিয়ারের শুরু এবং শিশুশিল্পী হিসেবে যার রয়েছে আলোচিত অতীত, সেই দীঘিকে নিয়মিত সিনেমায় না পাওয়ায় আক্ষেপ রয়েছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যেও।
নায়িকা হিসেবে ২০২১ সালে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে সাফল্য পাননি দীঘি। ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পায় রেজাউর রহমান পরিচালিত ‘৩৬-২৪-৩৬’। সিনেমাটিতে অভিনয় করলেও কাঙ্ক্ষিত সাড়া পাননি তিনি।
চলতি বছরের শুরুতে একটি ওয়েব সিনেমাতেও কাজ করেছেন দীঘি। সুমন ধর পরিচালিত সেই ওয়েবফিল্ম নিয়ে কাজের পর আর তেমন কোনো খবর সামনে আসেনি। এরপর চলতি বছরের ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে তাকে। তবে সেখানে তার চরিত্রের ব্যাপ্তি ছিল তুলনামূলকভাবে কম। ফলে নিজের অভিনয় প্রতিভা পুরোপুরি তুলে ধরার সুযোগও পাননি এই অভিনেত্রী।
এদিকে বড়পর্দায় দীঘির ফেরার প্রত্যাশা তৈরি হয়েছিল ‘বিদায়’ সিনেমাকে ঘিরে। ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো পরিচিত শিল্পীরা।
কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে দীর্ঘ অনিশ্চয়তা। গত বছরের দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় সেটি সম্ভব হয়নি। পরে চলতি বছরের কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা করা হলেও প্রযোজকের সম্মতি না থাকায় সেটিও বাস্তবায়ন হয়নি।
সবশেষে সেপ্টেম্বরের শুরুতে আবারও গুঞ্জন ছড়ায়, চলতি দুর্গাপূজায় মুক্তি পেতে পারে ‘বিদায়’। কিন্তু সিনেমাটির প্রচার শুরু না হওয়ায় নতুন করে তৈরি হয় সংশয়।
শেষ পর্যন্ত প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, চলতি দুর্গাপূজাতেও মুক্তি পাচ্ছে না ‘বিদায়’। কারণ সিনেমাটির একটি গানের চিত্রায়ণ এখনো বাকি। গানটির শুটিং বিদেশে করার পরিকল্পনা রয়েছে। সব কাজ শেষ হলে আগামী বছরের কোনো একসময় সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজক। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।
ফলে দীঘির ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। শিশুশিল্পী হিসেবে যে দীঘি একসময় বড়পর্দায় দর্শকের মন জয় করেছিলেন, সেই দীঘি নায়িকা হিসেবে আবারও নিজের চেনা ছন্দে ফিরতে পারেন কি না—এখন সেটিই দেখার বিষয়।




















