পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদের পথে প্রীতম ও শেহতাজ

- আপডেট সময় : ১২:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫৩০ বার পড়া হয়েছে

দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা। রোববার ৪ অক্টোবর রাত ১০টা ৪২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান শেহতাজ। তিনি বলেন, প্রীতম ও তিনি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
শেহতাজ তার পোস্টে জানান, একসঙ্গে কাটানো সময়ের স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। সম্পর্কের এই অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিলেও একে অপরের প্রতি তাদের শ্রদ্ধা ও যত্নশীল মনোভাব রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে আলাদা পথ বেছে নেওয়াই তাদের জন্য ভালো হবে। দীর্ঘ চিন্তাভাবনা ও পারস্পরিক আলোচনার পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানান শেহতাজ।
তিনি আরও জানান, দুই পরিবারের সমর্থন নিয়ে তারা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং এই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন তিনি। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের এই সময়ে সবার সহমর্মিতা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন শেহতাজ।
উল্লেখ্য, প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেমের প্রেমের সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছরের। এরপর ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ঢাকার বাইরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড় ও চা-বাগানে ঘেরা পরিবেশে বসেছিল তাদের বিয়ের আসর। বিয়ের পরও সংগীত ও অভিনয় অঙ্গনে দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর এবার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন তারা।

























