সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

- আপডেট সময় : ১১:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫২৫ বার পড়া হয়েছে

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
জামিন শুনানিতে ডনের আইনজীবী মফিজুল ইসলাম বলেন, সালমান শাহর মৃত্যুর ঘটনায় ১৯৯৬ সালে অপমৃত্যু মামলা হয়েছিল। পরে বিভিন্ন সংস্থা একাধিকবার তদন্ত করে প্রতিবেদন দেয়। এসব প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। আসামিপক্ষের আইনজীবী আদালতে ময়নাতদন্ত ও চিকিৎসকের প্রতিবেদনও উপস্থাপন করেন।
তিনি দাবি করেন, মামলাটি পাঁচবার তদন্ত করা হলেও অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ যুক্তিতে ডনের জামিন আবেদন করেন তিনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। তদন্তের স্বার্থে আসামিকে জামিন না দেওয়ার আবেদন জানান তিনি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে ২৭ আগস্ট আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে প্রায় তিন দশক ধরে বিতর্ক চলে আসছে। ২০২৫ সালে সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। এরপর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ওরফে ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। আগামী ৫ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

























