নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৩২

- আপডেট সময় : ১২:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনডো রাজ্যে সামরিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু রয়েছেন। উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনায় উড়োজাহাজটির কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে তিনুবু জানান, বিমান বাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ জানতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর জন্য নাইজেরীয় বিমান বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমান বাহিনীর এটিআর-৪২ উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে ছিল। স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর উপকূলীয় শহর ইগবোকোদার কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এই ঘটনাটি অন্যতম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


























