রিয়াদের কাছে আরামকোর স্থাপনার পাশে ভয়াবহ আগুন

- আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৫৩১ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনার আশপাশে হঠাৎ দেখা গেছে কালো ধোঁয়া ও বিশাল আগুনের কুণ্ডলী। শনিবার এই ঘটনার কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন এক প্রত্যক্ষদর্শী। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার দায়ও তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। সৌদি কর্তৃপক্ষ কিংবা আরামকোর পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ার মধ্যেই রিয়াদের কাছে এই আগুনের ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে সৌদির বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুথিদের হামলার খবর সামনে এসেছে। ফলে আগুনের পেছনে কোনো হামলা রয়েছে কি না তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে গত সপ্তাহে ইয়ানবুতে আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল হুথিরা। ওই সময় সৌদি আরব জানিয়েছিল তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া হুথিদের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছিল।
তবে রিয়াদের কাছে এবার আরামকোর স্থাপনার আশপাশে কালো ধোঁয়া ও আগুনের দৃশ্য সামনে আসায় পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আগুনটি দুর্ঘটনা নাকি কোনো হামলার ফল তা জানতে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।


























