মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

- আপডেট সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলার ভায়না মোড় ও ঢাকা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কনফেকশনারি, ফলের দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে ঢাকা রোড এলাকার মেসার্স লিটন ফল ভান্ডারে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অতিরিক্ত লাভে ফল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকার মেসার্স রানা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা, মেসার্স শহিদ ফল ভান্ডারকে ৩ হাজার টাকা এবং মেসার্স রতন ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভায়না মোড় এলাকার মেসার্স ফুডি চয়েস নামের একটি কনফেকশনারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। উৎপাদন বা মেয়াদের তারিখবিহীন কেক বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের ভবিষ্যতে আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং দোকানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবির এবং মাগুরা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



























