মাগুরায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

- আপডেট সময় : ১২:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৫৩০ বার পড়া হয়েছে

মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর সকালে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাশিনাথপুর গ্রামের শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষ থেকে শাহীন আলম, তার স্ত্রী সাথী খাতুন এবং নন্দলালপুর গ্রামের খালিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন আলমের বয়স ৪৬ বছর, তার স্ত্রী সাথী খাতুনের বয়স ৩৬ বছর এবং খালিদ হাসানের বয়স ৩১ বছর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন।
অভিযানে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৩৫ সিসির মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা এবং সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



























