অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটি

- আপডেট সময় : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে

অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলো তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বুধবার সকাল থেকে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে তার কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীদের অভিযোগ, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বোর্ড ফি যথাক্রমে ২৩৩ টাকা ও ২৮২ টাকা হলেও তাদের কাছ থেকে ৩০০ টাকা ও ৪০০ টাকা করে নেওয়া হয়েছে।
এ ছাড়া সাড়ে ৯ টাকার টিফিন সরবরাহ করে ১৮ টাকা মূল্যের টিফিন দেখিয়ে ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্রীড়া ফান্ড ও আইসিটি ফান্ডের অর্থ অনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তোলেন তারা।
পরে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক জাসমিন আক্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। কারও ইন্ধনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে বলেও দাবি করেন তিনি। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তিনি ছুটিতে গেছেন বলে জানান।
জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, অনিয়ম দুর্নীতি ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের আশ্বাস ও প্রধান শিক্ষককে ছুটিতে পাঠানোর পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।



























