আদালত থেকে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলার অভিযোগ

- আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৮ বার পড়া হয়েছে

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আদালতের মাধ্যমে ডিভোর্স দিতে চট্টগ্রাম আদালতে এসেছিলেন এক নারী। খবর পেয়ে তার বাবা-মা ও স্বজনরাও আদালত এলাকায় উপস্থিত হন। পরে ওই নারীকে বুঝিয়ে নিজেদের সঙ্গে নিতে ব্যর্থ হয়ে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম আদালত এলাকায় ঘটে এ ঘটনা। ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় কয়েকজন নারীসহ একদল লোক ওই নারীর হাত ধরে টানছেন।
ওই নারী তাদের সঙ্গে যেতে আপত্তি জানাচ্ছিলেন। ভিডিওতে তাকে ‘যাব না’ বলে চিৎকার করতেও শোনা যায়। একপর্যায়ে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান ওই নারী তার স্বামীকে ডিভোর্স দিতে আদালতে এসেছিলেন। বিষয়টি জানতে পেরে তার বাবা-মা ও স্বজনরা আদালতে আসেন। তাকে বুঝিয়ে পরিবারের সঙ্গে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি রাজি না হওয়ায় স্বজনরা তাকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন বিষয়টি পারিবারিক হওয়ায় আইনগতভাবে পুলিশের কিছু করার সুযোগ নেই। তবে ওই নারীকে তার বাবা-মা আদালত থেকে নিজেদের হেফাজতে নিয়ে গেছেন বলে জানান তিনি। পুলিশের তথ্য অনুযায়ী প্রায় দুই বছর আগে ওই নারীর বিয়ে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বর্তমানে এক চাচার বাসায় থাকছিলেন। এর আগে ওই নারীর বাবা-মা তাকে নিখোঁজ দেখিয়ে প্রায় দুই মাস আগে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
পরে পুলিশের তদন্তে জানা যায় স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ওই নারী চাচার বাসায় অবস্থান করছেন। পুলিশ জানায় পারিবারিক বিষয় হওয়ায় ওই সময় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে আদালত এলাকায় ওই নারীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ভিডিওতে ওই নারীর আপত্তি ও ‘যাব না’ বলে চিৎকার করতে দেখা ও শোনা গেলেও ঘটনাটির পূর্ণ প্রেক্ষাপট এবং তার নিজের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।




























