অস্ত্রের মুখে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫

- আপডেট সময় : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পুলিশ জানায় গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দরের ঢাকেশ্বরী সোনাচড়া এলাকার একটি স্বর্ণের দোকানে ৭ থেকে ৮ জনের একটি দল প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে দোকানের লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার রুপার গহনা নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায় তারা। ঘটনার পর দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন মিজান অনিক সুমন বেপারী ও রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বন্দরের ঘাড়মোড়া এলাকায় পৃথক অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি এবং তার সহযোগী রিফাত হাসানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হাঁসের খামারের মাটির নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের দাবি গ্রেপ্তার মতিউর রহমান জনির বিরুদ্ধে অস্ত্র চাঁদাবাজি ছিনতাই ও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার পাঁচজন এবং অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার দুজনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



























