মাহতাব ইসলামঃ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৫ই ডিসেম্বর ২০২৫ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় ডিবি প্রধান কথা বলবেন বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর গতকাল রাতে জুলাই রেভুলুশনারী এলায়েন্সের আরিয়ান আহমেদ নামে একব্যক্তি সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে আনিস আলমগীরকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক বলেন, আগে গ্রেপ্তার করে এরপর অভিযোগ দায়ের এবং মামলা করার ঘটনা এর আগে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে দেখেছি। এখন এসে সরকার বিরোধী বক্তব্য দেওয়ায় এধরণের গ্রেপ্তারের ঘটনা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী। সরকার এই প্রক্রিয়ার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারকে খর্ব করছে। একদিকে বর্তমান সরকার জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলোর কোন সমাধান করতে পারছে না, সাম্রাজ্যবাদীদের বশংবদ হয়ে বন্দর টার্মিনালসহ দেশের জাতীয় সম্পদ বিদেশীদের হাঁতে তুলে দিচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আবার অন্যদিকে মানুষের প্রতিবাদ জানানো কিংবা সরকারের ভূমিকার সমালোচনা করলে গ্রেপ্তার ও দমন পীড়ন চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনার এহেন দমননীতি গ্রহণ করলে অন্তর্র্বর্তী সরকারকেও বিগত সরকারের পরিণতি বহন করতে হবে বলে তিনি মনে করেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ অবিলম্বে সাংবাদিক আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং গ্রেপ্তার ও দমন পীড়নের পথ পরিহার করার আহ্বান জানান।













