বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে ৩০ ব্যাংকের সেবা বন্ধে গভর্নরের ক্ষোভ

- আপডেট সময় : ১১:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড এটিএম পিওএস কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকগুলোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। ফলে এ সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের বিকল্প মাধ্যমে লেনদেন করতে হতে পারে।
মধুমতি ব্যাংক জানিয়েছে, তাদের সব ক্রেডিট ডেবিট ও প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক থাকার কথাও জানিয়েছে ব্যাংকটি। এ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয় এমন ব্যাংকগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
যে ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানানো হয়েছে সেগুলো হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।
ব্যাংকাররা বলছেন, ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ায় ব্যাংকগুলোর প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এখন ব্যাংকিং কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
তবে এবার একসঙ্গে ৩০টি ব্যাংকের বিভিন্ন সেবা বন্ধ থাকায় বড় সংখ্যক গ্রাহক ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। ব্যাংকগুলো নিজেদের পক্ষ থেকে একযোগে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর এমন সিদ্ধান্ত গভর্নর ভালোভাবে নেননি। গুরুত্বপূর্ণ ও ব্যাপক প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে গর্হিত হিসেবে দেখছেন গভর্নর। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন।





















