চাঁদাবাজির অভিযোগে ঢাকায় বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার

- আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি-২। সোমবার ৫ অক্টোবর তাকে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান নিশ্চিত করেছেন।
পুলিশ ও এসআরবি সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা আদায় এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন। শেরেবাংলা নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, স্বপনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



























