নতুন রহস্য উন্মোচন
আঙুর থেকে কিশমিশের মতো সংকুচিত হচ্ছে বুধ

- আপডেট সময় : ০৩:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৭ বার পড়া হয়েছে

সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ নিয়ে নতুন চমকপ্রদ তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, ধারণার চেয়েও দ্রুত সংকুচিত হচ্ছে রহস্যময় এই গ্রহ।
জার্মান অ্যারোস্পেস সেন্টারের ইনস্টিটিউট অব স্পেস রিসার্চের গবেষকদের গবেষণা অনুযায়ী, বুধের অভ্যন্তরীণ সংকোচন আগের অনুমানের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি হতে পারে। এর ফলে গ্রহটির ব্যাস প্রায় ২৩ কিলোমিটার পর্যন্ত কমে গিয়ে থাকতে পারে। প্রায় ৪ হাজার ৯০০ কিলোমিটার ব্যাসের একটি গ্রহের জন্য এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা।
গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, প্রায় সাড়ে চারশ কোটি বছর আগে সৃষ্টি হওয়ার পর থেকেই বুধ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। এর অন্যতম কারণ গ্রহটির বিশাল লোহার কেন্দ্রমণ্ডল। সময়ের সঙ্গে এই উত্তপ্ত কেন্দ্রমণ্ডল শীতল হয়ে আসায় বুধের অভ্যন্তরের ম্যান্টল ও বাইরের ভূত্বকও সংকুচিত হচ্ছে।
এই সংকোচনের ফলে গ্রহের উপরিভাগে তৈরি হচ্ছে বিশেষ ধরনের বলিরেখা ও ফাটল। তবে বুধের উপরিভাগে দীর্ঘদিন ধরে চলা উল্কাপাতের কারণে তৈরি ধূলি ও পাথরের ধ্বংসাবশেষ এসব চিহ্নের অনেকটাই ঢেকে রেখেছিল। হক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং গবেষণাটির প্রধান লেখক গাকু নিশিয়ামা ও তার দল বুধের বিভিন্ন এলাকার ফাটল এবং উপরিভাগের রুক্ষতার মানচিত্র বিশ্লেষণ করেন। এতে তারা দেখতে পান, যেসব এলাকায় উল্কাপাতের ধ্বংসাবশেষ বেশি জমেছে সেখানে সংকোচনের চিহ্ন তুলনামূলক কম দৃশ্যমান।
গবেষকদের মতে, এই বিষয়টি হিসাবের মধ্যে নেওয়ার পর বুধের প্রকৃত সংকোচনের পরিমাণ আগের ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে। অর্থাৎ মহাকাশের প্রচণ্ড উত্তাপের কাছাকাছি অবস্থান করেও কোটি কোটি বছর ধরে নিজের অভ্যন্তরীণ পরিবর্তনের মধ্য দিয়ে আরও ছোট হয়ে যাচ্ছে এই গ্রহ। বিজ্ঞানীরা তাই বুধের এই রূপান্তরকে অনেকটা আঙুর শুকিয়ে কিশমিশে পরিণত হওয়ার সঙ্গে তুলনা করছেন। তবে এটি কোনো আকস্মিক পরিবর্তন নয় বরং কোটি কোটি বছর ধরে চলা ধীর একটি মহাজাগতিক প্রক্রিয়া।



























