মেসির বিদায়ের দিনই অবসরের ঘোষণা পেদ্রোর

- আপডেট সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আবহের মধ্যেই ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা পেদ্রো রদ্রিগেজ।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আবেগঘন এক বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। নিজের দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরার পাশাপাশি ক্লাব সতীর্থ কোচ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পেদ্রো এক্সে লেখেন, ‘আমার মনে হচ্ছে সময় এসে গেছে। এখন সামনে এক ধাপ এগিয়ে যাওয়ার এবং আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সময়। আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরে গর্বিত। যারা আমাকে এটি অর্জনে সমর্থন করেছেন তাদের সকলের জন্যও গর্বিত। ধন্যবাদ ফুটবল আমাকে এত আনন্দ দেওয়ার জন্য।’
বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা পেদ্রো কোচ পেপ গার্দিওলার অধীনে ক্যারিয়ারের সেরা সময় কাটান। কাতালান ক্লাবটির হয়ে তিনি ঐতিহাসিক ট্রেবল জয়ের পাশাপাশি সেক্সটাপল বা এক বছরে ছয়টি শিরোপা জয়ের বিরল কীর্তির অংশ ছিলেন।
শুধু ক্লাব ফুটবলেই নয় স্পেনের সোনালি প্রজন্মেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পেদ্রো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি। দুই বছর পর ইউরো ২০১২ জয়ী দলেও ছিলেন এই ফরোয়ার্ড।
বার্সেলোনা ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসির হয়ে প্রিমিয়ার লিগেও সাফল্য পান পেদ্রো। পরবর্তী সময়ে ইতালিয়ান ক্লাব লাজিওর হয়েও খেলেছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে বড় বড় শিরোপা জেতার পর এবার ফুটবল মাঠকে বিদায় জানালেন ৩৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।





















