নতুন লুকে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া

- আপডেট সময় : ১১:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে

বয়স যেন শুধুই একটি সংখ্যা—এমন কথাই আবারও মনে করিয়ে দিলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে অসামান্য সৌন্দর্য ও রাজকীয় উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন বলিউডের এই তারকা।
২৮ সেপ্টেম্বর প্যারিসের ঐতিহ্যবাহী প্লেস জোফ্রে-তে আয়োজিত ‘লরিয়াল প্যারিস লে ডেফিলে’ শোতে র্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া। এদিন বিশ্বখ্যাত সিরিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘ইয়ারা শুমেকার’-এর কাস্টম অল-ব্ল্যাক ভেলভেট গাউন পরেছিলেন তিনি। থ্রি-ডি ফ্রিঞ্জ ওয়ার্ক এবং মুক্তা ও ক্রিস্টাল খচিত কেপে তার সাজে ফুটে ওঠে রাজকীয় আবহ।
ঐশ্বরিয়ার নতুন হেয়ারস্টাইল ও লুকও ছিল আলোচনার কেন্দ্রে। চুলে ফায়ারি রেড বা গাঢ় লাল রঙের হাইলাইট এবং ঠোঁটে বোল্ড রেড লিপস্টিক তার পুরো সাজে যোগ করে ভিন্ন মাত্রা। এর সঙ্গে মাথায় ডায়মন্ডের রাজমুকুট ও আঙুলে হীরের আংটি পরে র্যাম্পে হাজির হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে তার এই লুক নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যায়।
ফ্যাশনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেল ‘ডায়েট সব্য’ ঐশ্বরিয়ার একটি ভিডিও প্রকাশ করে তার সৌন্দর্যের প্রশংসা করেছে। সেখানে ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী হওয়ার পর থেকে তার সৌন্দর্য ও উপস্থিতির দীর্ঘস্থায়ী প্রভাবের কথা তুলে ধরা হয়।
লরিয়াল প্যারিসের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঐশ্বরিয়ার সঙ্গে একই র্যাম্পে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লংগোরিয়া, ভায়োলা ডেভিস ও কারা দেলেভিঞ্জনের মতো আন্তর্জাতিক তারকারাও। তবে তাদের ভিড়েও ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি ও ব্যতিক্রমী সাজ আলাদা করে নজর কেড়েছে। প্যারিসের র্যাম্পে তার এই উপস্থিতি আবারও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।





















