মাহ্তাব ইসলামঃ
বগুড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ই মে সাদিয়া রহমান মিথিলা নামক এক নারী বাদী হয়ে হিরো আলমের বিরুদ্ধে ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলাটি করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে গত ১০ই ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর থেকেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন যে, হিরো আলম তাকে কেবল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণই করেননি, বরং একাধিকবার শারীরিক নির্যাতন চালিয়েছেন এবং একপর্যায়ে তাকে জোরপূর্বক গর্ভপাতে বাধ্য করেছেন। এই অভিযোগগুলো তদন্ত প্রতিবেদনে উঠে আসায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানিয়েছেন, হিরো আলম তার ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা পালিয়ে যাচ্ছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তার পিছু নেয় এবং মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাকে হেফাজতে নিতে সক্ষম হয়।













