আব্দুল হালিম, ব্যরো প্রধান, রংপুরঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় শিক্ষা ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তনের হাওয়া লেগেছে।মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ নিয়মিত তদারকি ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের ফলে প্রত্যন্ত অঞ্চলের ঝিমিয়ে পড়া স্কুলগুলোতে বাড়ছে শিক্ষার্থী। দীর্ঘদিনের অবহেলায় যেসব প্রতিষ্ঠানে স্থবিরতা দেখা দিয়েছিল, সেখানে এখন শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর পরিবেশ বিরাজ করছে।
ইউএনও মো. পারভেজ তাঁর দাপ্তরিক ব্যস্ততার মধ্যেও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। প্রতি কর্মদিবসে সকাল ৯টার মধ্যেই তিনি বেরিয়ে পড়েন উপজেলার প্রত্যন্ত কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। তবে তাঁর এই পরিদর্শন গতানু
গতিক তদারকির মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের ক্লাস নেন এবং পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় সহজ ও সাবলীলভাবে বুঝিয়ে দেন। শিক্ষার্থীদের সাথে তাঁর এই বন্ধুত্বপূর্ণ মতবিনিময় তাদের মনোবল বাড়াতে সহায়তা করছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন নিয়মিত উপস্থিতিতে শিক্ষক ও কর্মচারীদের মধ্যেও দায়িত্ব পালনে একাগ্রতা এবং সময়ানুবর্তিতা ফিরে এসেছে। অভিভাবকগণও ও শিক্ষকগণ বিশ্মিত।
তাঁরা মনে করছেন, নিয়মিত এই তদারকির ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ তৈরি হচ্ছে, যা পুরো উপজেলার শিক্ষার মান উন্নয়নে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মল্লিকা মমতাজ তার উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, “আমরা যদি ইউএনও স্যারের পরামর্শ ও নির্দেশনামতে ইংরেজি পড়ি, তাহলে অল্পদিনেই আমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারব।” তার এই বক্তব্যে ইউএনও-র পাঠদানের প্রতি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা ফুটে ওঠে।
মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে। শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।”













