আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
রংপুর – ঢাকা মহাসড়ক রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ডে ৪ লেন রাস্তার সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভুমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার পরেও সরকারি জায়গায় ৪ তলা বিশিষ্ট বহতল ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন গোলাম রব্বানী নামের ঐ ব্যক্তি। এর আগে সড়ক ও জনপদ বিভাগ, ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে এবং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে গোলাম রাব্বানী পুনরায় এই অবৈধ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী জানান, সরকার পরিবর্তনের পর দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে গোলাম রব্বানী তড়িঘড়ি করে ভবনের কাজ শেষ করার পায়তারা করছেন। অথচ, এই জমির বিপরীতে তিনি সরকার থেকে আগেই ক্ষতিপূরণের বিশাল অংকের টাকা তুলে নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, জায়গীর বাসস্ট্যান্ডের মতো ব্যস্ততম এলাকায় মহাসড়কের সীমানা ঘেঁষেই এই ৪ তলা ভবনটি মাথা তুলে দাঁড়াচ্ছে। এতে করে ফোরলেন রাস্তার মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এই পয়েন্টে ভয়াবহ যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম রব্বানীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সরকারি জায়গা দখলের বিষয়টি স্বীকার করে বলেন, এখন একটু পরিস্থিতি শান্ত। সড়ক বিভাগের লোকজন বলেছে, আপাতত কাজ করেন। তাই আমি মার্কেট করছি।
অন্যদিকে, রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান জানান, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বিষয়টি তাদের নজরে এসেছে এবং খুব শীঘ্রই সার্ভেয়ার পাঠিয়ে সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মিঠাপুকুর উপজেলা ভূমি কর্মকর্তা, আশিক জামান বলেন, বিষয়টি একটু সড়ক ও জনপদ বিভাগকে জানান। তাদের সঙ্গে আলোচনা করে আমরা ব্যবস্থা নিব।













