ভারত থেকে চাল ডাল বা অন্যান্য খাদ্যপণ্য আমদানিকে সরকার রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে না; বরং এটি একটি স্বাভাবিক বাজার প্রক্রিয়ার অংশ এমন মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক ইস্যু একত্রিত করা যাবে না। ভারত থেকে আমরা টাকা দিয়ে চাল ক্রয় করি এবং তারা বাজারে বিক্রি করে। আজ রোববার ৪ঠা জানুয়ারি সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা । তিনি আরও বলেন, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।













