মাহ্তাব ইসলামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ সদস্যের পরিচালনা কমিটি গঠন করেছে বাসদ। গতকাল ১১ই জানুয়ারি ২০২৬ রাত ৯টায় দলের কেন্দ্রীয় কমিটির এক অনলাইন সভায় এই পরিচালনা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বলজুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন-কে আহ্বায়ক ও সম্পদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাসকে সদস্যসচিব করে গঠিত ১৫ সদস্যের পরিচালনা কমিটি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩০ দিন বাকী। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারপ্রচারণার কাজ শুরু হবে। কিন্তু সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও সন্তোষজনক উন্নতি হয়নি। সুষ্ঠ নির্বাচনের পরিবেশ অর্থাৎ সকলের জন্য সমান সুযোগ তৈরী হয়নি। জনমনে একধরনের ভীতির পরিবেশ বিরাজ করছে। অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনও সরকার পুরোটা উদ্ধার করতে পারেনি। সকল জনগণ ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে লুট হওয়া অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনমনে স্বস্তির পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয় সভা থেকে।
নেতৃবৃন্দ মব সৃষ্টি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের এভাবে অপমান ও নাজেহাল করা চরম অগণতান্ত্রিক ও উগ্র পন্থার প্রকাশ যা কোন ভাবেই একটি সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ইতিপূর্বে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরও একই রকম নিপীড়নের ঘটনা ঘটেছে এবং একই চিহ্নিত মহল এসব ঘটনা ঘটিয়ে চললেও সরকার প্রশাসন নির্যাতনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্হা না নেওয়ায় একের পর এক এসব শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে চলছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, কোন শিক্ষকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ফৌজদারী অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই সমীচীন।













