ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। তিনি বলেন, মিশনের অনুমোদন এখনো চূড়ান্ত হয়নি, তবে এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন। তাদের মধ্যে কেউ কেউ ভোটের ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন।
বৈঠকে নির্বাচন প্রস্তুতি, সাংবিধানিক ও বিচার বিভাগীয় সংস্কার, শ্রম খাত, বাণিজ্য–বিনিয়োগ, মানবাধিকার এবং রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত মিলার জুলাই জাতীয় সনদকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য ‘গুরুত্বপূর্ণ দলিল’ হিসেবে আখ্যায়িত করেন এবং নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইইউর সহায়তার আশ্বাস দেন।













