ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ সদর আসন থেকে। তার প্রার্থীতা ঘিরে বগুড়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
তারেক রহমানের পক্ষে ইতিমধ্যেই প্রার্থীতার মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে এবং তা বৈধতাও পেয়েছে। এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। তাও আবার নিজের জেলা বগুড়ার সদর আসন থেকে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, নির্বাচনের সময় তারেক রহমান বগুড়া শহরে অবস্থান করে সরাসরি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারেন। সে কারণেই দীর্ঘ ১৭ বছর পর বগুড়া শহরের তারেক রহমানের বাড়িটি সংস্কার করা হচ্ছে। এই বাড়িটি তারেক রহমানের কাছে নতুন নয়। অতীতেও তিনি একাধিক বার সেখানে অবস্থান করেছেন। বগুড়ায় গেলেই সাধারণত সেই বাড়িতেই থাকতেন তারেক রহমান। সেখান থেকেই বগুড়াসহ উত্তরাঞ্চলের দলীয় কার্যক্রম পরিচালনা করতেন তিনি।
তারেক রহমানের বাড়ির নাম গ্রীণ এষ্টেট। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত মাঝে মধ্যেই এই বাড়িতে অবস্থান করতেন তিনি।













