ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রাহিদ খান পাভেলের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ ও সদস্য সচিব অদিতি ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, ৯ মার্চের প্রথম প্রহরে বুয়েট ক্যান্টিনে পাভেল সেহরী খেতে গেলে সরদার নাদিম মাহমুদ, হাসিব আল ইসলাম ও সাইফুল্লাহ সহ জাতীয় ছাত্র শক্তির কতিপয় নেতাকর্মী তাকে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অতর্কিত মারধরের পরে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায় এবং পরবর্তীতে সেটিকে সাধারণ শিক্ষার্থীর আক্রোশ বলে চালিয়ে দিতে চায়। হামলাকারী সাইফুল্লাহ গত ৭ মার্চ শাহবাগে শেখ তাসনিম আফরোজ ইমির ওপর সংঘবদ্ধ আক্রমণের সাথেও যুক্ত ছিল। পাভেলের ওপর এই আক্রমণ সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতিহিংসা, ও সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ যা ভিন্নমত পোষণকারী যে কোনো শিক্ষার্থীর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানাই। একইসাথে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা -কর্মচারীরসহ সকলের জন্য নিরাপদ ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানাই এবং এই নব্য সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করি।













