মাহতাব ইসলামঃ
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে “জুলাই সনদ ও গণভোট” সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভিন্ন মার্কেট ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি দেশবিরোধী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই জনগণের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল হক জিয়া, আব্দুল হাকিম, রহিম মল্লিক ও নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো ও আক্তার রশিদ চৌধুরী প্রমুখ।













