লাকসামে পিতার কর্মস্থলের মালিক কর্তৃক এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বেশ কিছুদিন ধরে উপজেলার উত্তরদা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় তাজুল ইসলাম মজুমদারের (৪২) মাছের পুকুরে পাহারাদারের কাজ করতেন। পুকুরের পাশেই একটি টিনের ঘরে থাকতেন তারা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুকুরের মালিক তাজুল ইসলাম মজুমদার কৌশলে তাদের থাকার ঘরের উত্তর পাশে মেয়েটিকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর মা ঘুমিয়ে ছিলেন এবং পিতা পুকুর পাহারায় ব্যস্ত ছিলো। ঘটনার পর কিশোরী ঘটনাটি পরিবারে জানায়। ঘটনা জানাজানি হলে ‘প্রাণে মেরে ফেলার’ হুমকি দিয়ে তাজুল ইসলাম সটকে পড়ে।













