আজ শুক্রবার ১৬ই জানুয়ারি সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। সাততলা ঐ ভবনে আগুন লেগে মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। সকলেই দুই পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রথমে তিনজনের মৃত্যুর তথ্য জানায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ।
সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবরে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।













