জার্মানী বাংলাদেশের উন্নয়ন ও মানবিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে সহযোগিতার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক জার্মান ভাইস মিনিস্টার জোহান সাতফ মঙ্গলবার দু’দিনের ঢাকা সফর শেষে এই প্রতিশ্রুতি জানান।
বুধবার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোহান সাতফের সঙ্গে ছিলেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ ও উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সফরকালে তারা টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর জোর দেন।
সাতফ ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকিসহ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য গৃহীত সহায়তা কার্যক্রমও পরিদর্শন করেন।













