আব্দুল হালিম,ব্যুরো প্রধান, রংপুরঃ
রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম, লালমনিরহাট জেলা পুলিশের ডিবি’র সংবাদের ভিত্তিতে তাদের সাথে যৌথ অভিযানে ১৯ জানুয়ারী, ২০২৬ সোমবার সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করেন। গঙ্গাচড়া মডেল থানার লক্ষ্মীটারী ইউনিয়নের কাকিনা টু- রংপুরগামী রাস্তার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের প্রবেশ দ্বারের সামনে হতে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে যেয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে আটকে থাকা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, ১৬৬ বোতল অবৈধ মাদকদ্রব্য মোট ৮৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে যায়।
উল্লেখ্য উদ্ধারকৃত প্রতিটি বোতলের ওজন ১শ এমএল করে সর্বমোট ওজন ৮৮লিটার ৫শ এমএল, প্রতিটি বোতলের অবৈধ বাজারমূল্য ১হাজার টাকা হিসেবে সর্বমোট মূল্য আট লক্ষ পঁচাশি হাজার টাকা।
এসময় পুলিশ ১ টি নীল হলুদ রংয়ের ছোট কাভার্ড ভ্যান যার মুল্য অনুমান পাঁচ লক্ষ টাকা এবং অজ্ঞাত অভিযুক্ত চালকের ব্যবহৃত ০১টি OPPO A3 মডেলের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করে।
ডিবি লালমনিরহাট ও গংগাচড়া মডেল থানার টিম কর্তৃক জব্দকৃত আলামত সহ গঙ্গাচড়া মডেল থানায় এসে মামলার এজাহার দায়ের করা হয় । এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর-২৫, তারিখ-১৯/০১/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৩(গ)/৩৮।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, অজ্ঞাত মাদক পাচারকারীকে সনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, “অপরাধী যেই হোক সে ছাড় পাবে না, সামনে মাদকবিরোধী অভিযান আরো জোরালো করা হবে।”













