চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার ২০শে জানুয়ারি সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক মামলার এজাহার, চার্জশিট, সিসিটিভি ফুটেজ ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে এই আদেশ দেন। আগামী ২ ফেব্রুয়ারি মামলা স্বাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আদালত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/১০৯ ধারায় এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে ১৪৭/৪৪৮/৪৪৯/৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করেছেন। এসময় চিন্ময় দাস নিজেই প্রায় ২৫ মিনিট তার বক্তব্য উপস্থাপন করেন।
মামলার মোট ৩৯ জন আসামির মধ্যে ২৩ জন বর্তমানে কারাগারে আছেন। আজ চিন্ময় দাসসহ এই ২৩ জন হাজতি আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি ১৬ জন আসামি এখনো পলাতক।













