মাহতাব ইসলামঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী তাঁতী লীগের সভাপতি শের তারিকুল ইসলাম। সম্প্রতি তিনি ওই এলাকার জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
তরিকুলের যোগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনা সমালোচনা চলছে।
গত মঙ্গলবার উপজেলার ইসলামপুরে গ্রামীণ ব্যাংকের সামনে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে জামায়াত মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি।
এ ব্যাপারে শের তারিকুল ইসলাম বলেন, ২৪ এর জুলাই-আগস্টে সাধারণ ছাত্র-জনতার ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো আওয়ামী লীগ এখনো দেশবাসীর কাছে ক্ষমা চায়নি। উল্টো দেশকে ধ্বংসের জন্য উঠে-পড়ে লেগেছে। ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের শান্তি চায় না, ক্ষমতা চায়। গত ১৬ বছরেও ক্ষমতার স্বাদ মেটেনি তাদের। তাই দেশকে ধ্বংস করে হলেও আবারও ক্ষমতায় কুক্ষিগত করতে চায় তারা।
শের তারিকুল ইসলাম বলেন, যারা ক্ষমতার লোভে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম চালায় তাদের সঙ্গে সুশীল সমাজের কোনো সম্পর্ক থাকা উচিত না। তাই গেল বছরের ২৭ জুলাই তাঁতী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। আমি আওয়ামী লীগের চিরস্থায়ী নিষিদ্ধের দাবি জানাই।













