মাহতাব ইসলামঃ
আজ শনিবার ৩রা জানুয়ারি দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন , আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশের বর্তমান প্রধান টপ প্রায়োরিটি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ২১শে বা ২২শে জানুয়ারি তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হতে পারে। তখনই মূল জটিলতা তৈরির সম্ভাবনা থাকে। আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারলে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন , কোনো প্রার্থীর জীবনের ঝুঁকি কতটা, তা স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে যাচাই করা হয়। ঝুঁকি নিশ্চিত হলে তবেই গানম্যান দেওয়া হচ্ছে। ইতোপূর্বে বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ সময় ঢাকার রাজপথে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাজ্জাত আলী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ২০২৫ সালটিও বেশ উত্তাল ছিল। বিভিন্ন গোষ্ঠীর দাবিদাওয়া নিয়ে রাস্তা ব্লক করার ফলে সাধারণ মানুষ ও রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি।













