মাহতাব ইসলামঃ অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠে রোববার স্থানীয় সময় দুপুরে দুটি হালকা বিমানের মধ্যে মাঝ আকাশে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমান মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় এবং ওই বিমানের একমাত্র পাইলট ঘটনাস্থলেই নিহত হন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সিডনির দক্ষিণ-পশ্চিমে ওয়েডারবার্ন এলাকার আকাশে। বিধ্বস্ত বিমানটি ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছাকাছি মাটিতে পড়ে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পাইলটের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিধ্বস্ত বিমানে পাইলট ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না।
অপর বিমানটি সংঘর্ষের পরও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন পাইলট এবং তিনি নিরাপদে একই বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হন। ওই পাইলট শারীরিকভাবে অক্ষত আছেন।
দুর্ঘটনার কারণ তদন্তের জন্য অস্ট্রেলিয়ার বিমান পরিবহন নিরাপত্তা ব্যুরো (এটিএসবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
এ ধরনের মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা অস্ট্রেলিয়ায় অত্যন্ত বিরল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংঘর্ষের সঠিক কারণ জানা যাবে না।













