আজ এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার নগরবাসীকে কোন আগন্তুককে আশ্রয় দেওয়ার পূর্বে তার পরিচয় নিশ্চিত হওয়া এবং হোটেল, গেস্ট হাউজে জাতীয় পরিচয়পত্র দেখে অতিথি ওঠানোর অনুরোধ করেন। এছাড়া ব্যক্তিগত ও যেকোন ধরনের বাণিজ্যিক যানবাহন যেন কোন অবস্থাতে অরক্ষিত না থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য নগরবাসীকে অনুরোধ করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর ভূমিকার গুরুত্ব মনে করিয়ে দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ছাত্র-জনতার সফল গণ অভ্যুত্থানে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। নাশকতার পরিকল্পনাকারীদের একইভাবে সকলে মিলে প্রতিহত করতে হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, সম্মানিত নগরবাসীই আমাদের শক্তি। তাদের সাথে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেকোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সক্ষম। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ সক্রিয় রয়েছেন অতএব নাশকতাকারীদের বিচ্ছিন্ন কর্মকাণ্ডে অহেতুক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।













