ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার ছড়ানো কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তার সহযোগী সংগঠনের ১৩ই নভেম্বরের তথাকথিত কর্মসূচি নিয়ে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। মঙ্গলবার ১১ই নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জনাকীর্ণ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত। সে প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়ে ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের এই হীন অপতৎপরতা রোধে সচেষ্ট রয়েছে এবং ১লা অক্টোবর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত এসব অপকর্মের সাথে জড়িত মোট ৫৫২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে এসেছে। বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে নাশকতারীদের সনাক্ত করার কাজ চলছে।













