

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৭ সালে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন।
সংগঠনটির নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ বুধবার ৭ অক্টোবর রিট আবেদনটি করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে বর্তমান সরকার লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। একই দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সংশোধিত প্রজ্ঞাপনে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা এবং প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার কথা জানানো হয়।
রিটকারীর আইনজীবী দাবি করেন, ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত পর্যাপ্ত গবেষণা তথ্য-উপাত্ত ও সঠিক মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়নি। এ সিদ্ধান্তের ফলে কোচিং ও প্রাইভেট টিউশনের প্রবণতা বাড়তে পারে এবং শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তার দাবি, ভর্তি পরীক্ষা চালু হলে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেট টিউশনের খরচ বহন করতে না পারায় পিছিয়ে পড়তে পারে। এতে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রিটকারীর আইনজীবী। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্কুল পর্যায়ে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
আগামী সপ্তাহে বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার।
প্রকাশক ও সম্পাদক: কাজী ফারিদ আহমেদ। নির্বাহী সম্পাদকঃ আব্দুর রাজ্জাক। যোগাযোগের ঠিকানা: আলম টাওয়ার, লিফট ৭(৮ তলা), রুম ৮০২, ১২০ মতিঝিল, ঢাকা ১০০০। Email: suanewsagency@gmail.com. Phone: 01766010676.
লাইসেন্স নম্বর: TL No-DSCC/002572/24.