

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই হলে সেটিকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট থেকে ছিনতাইয়ের সংকেত পাওয়ার পর ইসরাইলি কর্তৃপক্ষ সম্ভাব্য হামলা মোকাবিলায় জরুরি প্রোটোকল সক্রিয় করে। বিমানটিতে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। তাদের বেশিরভাগই ইসরাইলি নাগরিক।
সিবিএস নিউজ জানায়, কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি প্রায় ১৮ হাজার ফুট নিচে নেমে গেলে ইসরাইলি বিমানবাহিনী ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে কোনো সাড়া না পাওয়ায় দ্রুত একটি কমিটি গঠন এবং কমান্ড সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি যুদ্ধবিমান আকাশে পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছিল।
এ সময় বিমানটি ইসরাইলের দিকে না গিয়ে সৌদি আরবের দিকে মোড় নেয়। সৌদি আরবও নিজেদের যুদ্ধবিমান প্রস্তুত করে।
পরে ইসরাইলি কর্তৃপক্ষ জানতে পারে, ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার হামলাকারী সহকারী পাইলট হামাম আল-হামামিকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। ককপিটের দরজা খোলার পর কয়েকজন যাত্রী ও ফ্লাইদুবাই কর্মী হামামিকে কাবু করেন। এরপর দুই অফ-ডিউটি পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেন।
শেষ পর্যন্ত বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। সিবিএসের সূত্রগুলোর দাবি, বিমানটি ছিনতাই হয়েছে নিশ্চিত হওয়ার পর ছিনতাইকারী রেডিও যোগাযোগ বন্ধ রাখলে সেটিকে ভূপাতিত করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল শুধু ইসরাইলের প্রধানমন্ত্রীর হাতে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৯/১১-এর মতো সম্ভাব্য বিমান হামলা মোকাবিলায় ইসরাইল দীর্ঘদিন ধরে এমন জরুরি প্রোটোকল অনুশীলন করে আসছে। তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: কাজী ফারিদ আহমেদ। নির্বাহী সম্পাদকঃ আব্দুর রাজ্জাক। যোগাযোগের ঠিকানা: আলম টাওয়ার, লিফট ৭(৮ তলা), রুম ৮০২, ১২০ মতিঝিল, ঢাকা ১০০০। Email: suanewsagency@gmail.com. Phone: 01766010676.
লাইসেন্স নম্বর: TL No-DSCC/002572/24.