

মাগুরায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে আবারও ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেও এক গ্রাহকের নামে বিল এসেছে ২৯ হাজার ১৩৮ টাকা। এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন জেলার এক সাধারণ কৃষক।
অভিযোগকারী গ্রাহক বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে হয়ে আসছিল। কিন্তু এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে তার হাতে দেওয়া হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকার বিল। অস্বাভাবিক এই বিল দেখে তিনি হতবাক হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মাগুরা পল্লী বিদ্যুতের বিলিং ব্যবস্থায় এমন অসঙ্গতির ঘটনা নতুন নয়। এর আগে ৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল সংক্রান্ত খবর নিয়েও ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ২০ ইউনিট ব্যবহারে প্রায় ২৯ হাজার টাকার বিলের অভিযোগ সামনে এলো।
গ্রাহকদের প্রশ্ন, যেখানে বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২০ ইউনিট সেখানে কীভাবে এত বিপুল পরিমাণ বিল তৈরি হলো? মিটার রিডিংয়ে ভুল হয়েছে, নাকি বিল তৈরির প্রক্রিয়ায় রয়েছে কোনো গাফিলতি—তা দ্রুত তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, বিলের ভুল-ত্রুটির কারণে বারবার সাধারণ গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে কৃষক ও নিম্নআয়ের মানুষের জন্য অস্বাভাবিক বিল বড় ধরনের আর্থিক ও মানসিক চাপ তৈরি করছে।
ভুক্তভোগী বাবু মোল্যা অস্বাভাবিক এই বিল সংশোধন করে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল নির্ধারণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সাধারণ গ্রাহকদের প্রত্যাশা, মাগুরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিলের ভুলের কারণ শনাক্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রকাশক ও সম্পাদক: কাজী ফারিদ আহমেদ। নির্বাহী সম্পাদকঃ আব্দুর রাজ্জাক। যোগাযোগের ঠিকানা: আলম টাওয়ার, লিফট ৭(৮ তলা), রুম ৮০২, ১২০ মতিঝিল, ঢাকা ১০০০। Email: suanewsagency@gmail.com. Phone: 01766010676.
লাইসেন্স নম্বর: TL No-DSCC/002572/24.