

শিক্ষকদের জন্য পৃথক সুরক্ষা ব্যবস্থা ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের অর্থ সর্বোচ্চ তিন থেকে ছয় মাসের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছেন তিনি। শনিবার ৩ অক্টোবর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গণ গড়তে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, শিক্ষকরা চাকরিজীবনে বেতন থেকে নিয়মিত একটি অংশ জমা দেন। চাকরির মেয়াদ শেষে সেই পেনশনের অর্থ পেতে তাদের বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। তাই অবসরে যাওয়ার তিন থেকে ছয় মাসের মধ্যে পেনশনের অর্থ পরিশোধের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি করা উচিত নয়। শিক্ষকদের মত প্রকাশে বাধা দেওয়া হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজকে বৈষম্য, অনিশ্চয়তা ও আর্থিক অনিরাপত্তার মধ্যে রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষাঙ্গনকে সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিও জানান তারা। প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকতে না পারলে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করা কঠিন। শিক্ষকদের উন্নয়নে সরকারকে বিশেষভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: কাজী ফারিদ আহমেদ। নির্বাহী সম্পাদকঃ আব্দুর রাজ্জাক। যোগাযোগের ঠিকানা: আলম টাওয়ার, লিফট ৭(৮ তলা), রুম ৮০২, ১২০ মতিঝিল, ঢাকা ১০০০। Email: suanewsagency@gmail.com. Phone: 01766010676.
লাইসেন্স নম্বর: TL No-DSCC/002572/24.