

কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এর ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলো থেকে ভিসা ও নো ভিসা সংক্রান্ত সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সময় সোমবার ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক ও লিসবন। ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন।
সমস্যাটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে বলেও জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ দূতাবাস লিসবন জানিয়েছে ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় ভিসা ও নো ভিসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
সার্ভারটি দ্রুত সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারিগরি টিম কাজ করছে। কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য দূতাবাসগুলো দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি সেবা প্রত্যাশীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো।
প্রকাশক ও সম্পাদক: কাজী ফারিদ আহমেদ। নির্বাহী সম্পাদকঃ আব্দুর রাজ্জাক। যোগাযোগের ঠিকানা: আলম টাওয়ার, লিফট ৭(৮ তলা), রুম ৮০২, ১২০ মতিঝিল, ঢাকা ১০০০। Email: suanewsagency@gmail.com. Phone: 01766010676.
লাইসেন্স নম্বর: TL No-DSCC/002572/24.