

প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানের জয়। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয়। শেষ ম্যাচে একটু লড়াইয়ের আশা করেছিলেন শ্রীলঙ্কার সমর্থকরা। তবে সেই আশা পূরণ হয়নি। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ইংল্যান্ড।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩৬ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। তবে মাঝের সারির ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি।
কামিন্দু মেন্ডিস ২৮ বলে ৩৫ রানের ইনিংস খেললেও ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১২৪ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার উইল জ্যাকস ও জোফরা আর্চার দুটি করে উইকেট নেন। এর মধ্যে বেকার ৩.৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। অ্যানুরিন ডোনাল্ড ৬ বলে ১৩ রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেন অধিনায়ক জস বাটলার। মাত্র ৩২ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন বাটলার। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। অধিনায়ককে দারুণ সঙ্গ দেন হ্যারি ব্রুক। তিনি ২১ বলে করেন ৩৪ রান।
শেষ পর্যন্ত মাত্র ৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ফেলে ইংল্যান্ড। ফলে ৬২ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে প্রতিটি ম্যাচেই দাপট দেখিয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেই মাঠ ছাড়ল ইংল্যান্ড।
প্রকাশক ও সম্পাদক: কাজী ফারিদ আহমেদ। নির্বাহী সম্পাদকঃ আব্দুর রাজ্জাক। যোগাযোগের ঠিকানা: আলম টাওয়ার, লিফট ৭(৮ তলা), রুম ৮০২, ১২০ মতিঝিল, ঢাকা ১০০০। Email: suanewsagency@gmail.com. Phone: 01766010676.
লাইসেন্স নম্বর: TL No-DSCC/002572/24.