

বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনোটিই পূরণ করা হয়নি। দুই-একটি কার্ড বিতরণ করা ছাড়া বিএনপি আর কিছুই করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন,
শনিবার সন্ধ্যায় ছয় দফা দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম লংমার্চে অংশ নিয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে যাওয়ার পথে সীতাকুণ্ড পৌর সদরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, দেশের মানুষ বর্তমানে শান্তিতে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। বিদ্যুৎ, গ্যাস ও তেলের সংকটসহ মানুষের মৌলিক সমস্যাগুলোর কার্যকর সমাধান সরকার করতে পারেনি।
তিনি অভিযোগ করেন, দেশের টাকা বর্তমানে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পকেটে চলে যাচ্ছে। দেশের স্বার্থে এসব পকেট বন্ধ করতে হবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রথম বেইমানি করেছে। ক্ষমতায় যাওয়ার আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সেই সনদকেই অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন,
তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। এই দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। লংমার্চ সফল করতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের পথেই তারা এগিয়ে যাচ্ছেন।
পথসভায় ডা. শফিকুর রহমান ছাড়া ১১ দলীয় জোটের অন্য কোনো নেতা বক্তব্য দেননি। বক্তব্য শেষে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। এ সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ৩০ মিনিট যানজট সৃষ্টি হয়। পথসভায় জামায়াতের উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদারসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কাজী ফারিদ আহমেদ। নির্বাহী সম্পাদকঃ আব্দুর রাজ্জাক। যোগাযোগের ঠিকানা: আলম টাওয়ার, লিফট ৭(৮ তলা), রুম ৮০২, ১২০ মতিঝিল, ঢাকা ১০০০। Email: suanewsagency@gmail.com. Phone: 01766010676.
লাইসেন্স নম্বর: TL No-DSCC/002572/24.