বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন—ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–এর এই দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
সিএ ফ্যাক্ট চেক জানায়, অধ্যাপক ইউনূস কোনো পতাকা নয়, বরং ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ নামের একটি চিত্রসংকলন উপহার দিয়েছেন। এতে জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র ও গ্রাফিতির সংকলন রয়েছে। এই প্রকাশনা জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রকাশ করেছে, যেখানে ছাত্র–জনতার আত্মত্যাগের ইতিহাস ফুটে উঠেছে।
প্রচ্ছদে শহীদ আবু সাইদের পেছনে রক্তরাঙা বাংলাদেশের মানচিত্র অঙ্কিত থাকলেও সেটি সম্পূর্ণ গ্রাফিতি-শিল্পের অংশ, যেখানে ভারতের কোনো অঞ্চল অন্তর্ভুক্ত নয়। সিএ ফ্যাক্ট চেকের বিশ্লেষণ অনুযায়ী, মানচিত্রটি বাংলাদেশের প্রকৃত ভূচিত্রের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। এর আগে অধ্যাপক ইউনূস একই সংকলন জাতিসংঘ মহাসচিব, জো বাইডেন ও জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতাদেরও উপহার দিয়েছেন।













