ভেনিজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি করে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-এর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ভেনিজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী অপহরণের নিন্দা ও প্রতিবাদ এবং মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি করে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এর উদ্যেগে আজ ৪ জানুয়ারি ২০২৬ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ ভেনিজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন ও একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে তাঁর স্ত্রীসহ দেশ থেকে অপহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসহ জ্বালানি সম্পদ দখলের হীন উদ্দেশ্য থেকেই আন্তর্জাতিক সকল আইন লংঘন করে এই নজিরবিহীন সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটিয়েছে। এরই মধ্যে এই সামরিক হামলায় প্রায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র কোন রকমের রাখঢাক না করে যে কায়দায় এই আক্রমণ পরিচালনা করেছে তা গোটা বিশ্ববিবেককে হতভম্ব ও বিস্মিত করেছে। নেতৃবৃন্দ বলেন, ভেনেজুয়েলার মানুষের পূর্ণ অধিকার আছে তাঁর দেশের সরকার, জাতীয় সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়ন নীতিমালা নির্ধারণ করার। সেখানে হস্তক্ষেপ করার কোন অধিকার এই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরব কিংবা মিনমিনে ভূমিকা গোটা দুনিয়াকে আরেকটা বিশ্বযুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলেই নেতৃবৃন্দ আশঙ্কা ব্যক্ত করেন। একই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিশ্চুপ অবস্থানে তারা হতবাক হয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। অবিলম্বে এই মানবতাবিরোধী সামরিক হামলার নিন্দা জানিয়ে সরকারকে প্রতিবাদলিপি পাঠানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।
যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ অবিলম্বে ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন বন্ধ করা এবং প্রেসিডেন্ট মাদুর ও তাঁর স্ত্রীকে নিরাপদে তাঁর দেশে ফেরত পাঠানোর দাবি জানান। একইসাথে সারা দুনিয়ার সচেতন, শান্তিকামী গণতন্ত্রপ্রিয় ও প্রগতিবাদী মানুষকে এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশের সকল সাম্রাজ্যবাদ ও যু্দ্ধ বিরোধী গণতন্ত্রমনা মানুষকে সাথে নিয়ে আাগামী ১০ই জানুয়ারি ২০২৬ শনিবার বিকেল ৩ টায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-এর অন্যতম নেতা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এর অন্যতম নেতা বাংলাদেশ জাসদ-এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি’র নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাসদের সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ (মার্কসবাদী)-র জয়দীপ ভট্টাচার্য প্রমূখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন মোড়, দৈনিক বাংলা, বায়তুল মোকারম হয়ে পল্টন মোড়ে শেষ হয়।













