ভেনিজুয়েলার সাম্রাজ্যবাদী আমেরিকার হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ ৪ই জানুয়ারি ২০২৬ সংবাদমাধ্যমে প্রকাশের জন্য প্রেরিত এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, আন্তর্জাতিক আইন লংঘন করে ভেনিজুয়েলায় নগ্ন আক্রমণ বহাল রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই হামলায় মৃতের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। গতকাল ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা ও প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে মার্কিন সেনাবাহিনী। জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন সহ সমস্ত শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সংঘটিত এই হামলা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনাগুলির একটি।
নেতৃবৃন্দ বলেন, দেশে দেশে কখনো সরাসরি আক্রমণ, কখনো পরোক্ষ মদদে হামলা সংঘটন সহ নানাবিধ জঘন্য অপরাধের নজির স্থাপনের ধারাবাহিকতা এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনে অবর্ণনীয় নির্যাতন, গণহত্যা সংঘটিত করছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের বাইরেও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সার্বক্ষণিক যুদ্ধাবস্থা জিইয়ে রেখে সেই সমস্ত দেশের জনগণের জীবন বিপন্ন করে তুলেছে মার্কিন সাম্রাজ্যবাদ। ফলে মাদকের বিরুদ্ধে কথা বলা হলেও গোপন উদ্দেশ্য সেদেশের তেল সহ অন্যান্য খনিজ সম্পদ করায়ত্ত করে মার্কিন পুঁজির কাছে ন্যস্ত করা।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ সরকারকে এই ঘৃণ্য হামলার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করতে হবে মর্মে দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। একইসাথে নেতৃবৃন্দ দেশে দেশে সাম্রাজ্যবাদ-পুঁজিবাদের আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য সারা বিশ্বের ছাত্র-যুবদের সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানিয়েছেন।













