পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়ন হলে প্রতিটি দুর্বল ও প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুরক্ষিত থাকবে।
আজ রাজধানীর আলোকি-তে আয়োজিত ‘অ্যানুয়াল কমিউনিটি অব প্র্যাকটিসেস (সিওপি) নেটওয়ার্ক কনভেনশন ২০২৫—এমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রিসাইলেন্ট সোসাইটিজ (ফেজ-২)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের উন্নয়নের দর্শন বদলাতে হবে। বড় বড় মেগা প্রকল্পের পাশাপাশি নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।”
সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতা প্রধান ডিপাক এলমার, জাতিসংঘ নারী সংস্থার প্রতিনিধি গীতাঞ্জলি সিং এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও টিকে থাকার লড়াই আমাদের হাতে। এই টিকে থাকার প্রেরণা পরিবারে সবচেয়ে বেশি দেন নারীরা।” তিনি বলেন, “নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলার ১০ জন অদম্য নারীকে পুরস্কৃত করা হয়। পরে পরিবেশ উপদেষ্টা জলবায়ু অভিযোজনের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জাতীয় কনভেনশনে ১০০টি নারী নেতৃত্বাধীন নাগরিক সংগঠন অংশ নেয় এবং স্থানীয় জলবায়ু অভিযোজন উদ্যোগ উপস্থাপন করে।













