মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের
আটোয়ারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৫টি গরুর
মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস দপ্তর সূত্রে
জানাগেছে, বুধবার ( ৮ই এপ্রিল) সন্ধা প্রায় সাড়ে ৭টার দিকে উপজেলার
ছোটদাপ কলেজ পাড়া সংলগ্ন মিজানুর রহমানের গোয়াল ঘরে অগ্নিকান্ডের
সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল এলাকায় হাজির হলেও
প্রয়োজনীয় রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী অগ্নিকান্ডস্থলে
পৌঁছাতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা নিরুপায় হয়ে গাড়ী থেকে
মেশিন কাঁধে করে পুকুরে নিয়ে যায়। পুকুরেও ঘাটের সমস্যার কারণে
কৌশল অবলম্বন করে পানি দেওয়ার ব্যবস্থা করেন। এরই মধ্যে ঘরের ভিতর তালাবদ্ধ
থাকা অবস্থায় গরুগুলোকে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এলাকার লোকজন।
তালাবদ্ধ অবস্থায় অসহায় গরুগুলো গোয়ালঘরে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে।
ধারণা করা হচ্ছে এই অগ্নিকান্ডে প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টার কোন ত্রুটি ছিল
না। ঘটনাস্থলে পৌঁছার রাস্তা না থাকায় অগ্নি নির্পাপন কাজে ব্যাঘাত
সৃষ্টি হয়। মিজানুর রহমান ওই এলাকার আমিরুল ইসলামের পুত্র। মিজানুর
রহমানের এই ক্ষতি পুরণ করতে সরকারের সহযোগিতা কামনা করছেন
ক্ষতিগ্রস্ত পরিবার। অগ্নিকান্ডের কারণ জানাযায়নি । অগ্নিকান্ডের খবর
পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও আটোয়ারী থানার ওসি
মোঃ মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।













